জেলা প্রতিনিধি, রংপুর: নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক ৪ টি অভিযানে নারী মাদককারবারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে রংপুর র্যাব ১৩ । এসময় ৩৩৬ বোতল ফেন্সিডিল এবং ১৩১ বোতল এস্কাফ জব্দ করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, ৫ আগস্ট দুপুরে রংপুর জেলার সদর উপজেলার ৩নং চন্দপাট ইউপির শ্যামপুর বন্দর বাজারস্থ নিরিবিলি হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যক্ত মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের সীটের নিচে ও টাংকের ভিতর বিশেষ কায়দায় রাখা ১৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও পৃৃথক পৃথক অভিযানে
২ জন নারী মাদককারবারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় ফেন্সিডিল ও এস্কাফ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার উত্তর জাওয়ানী এলাকার মৃত হযরত আলীর ছেলে আতিকুল ইসলাম (২০), একই জেলার কালিগঞ্জ থানার হররাম এলাকার সাহার আলীর মেয়ে মোছাঃ সমোলা বেগম (৪৪), দিনাজপুর জেলার কোতয়ালী থানার জামালপুর শেখপাড়া এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও একই এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী আরজুমান (৫০)।
রংপুর র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে র্যাব ১৩ সবসময় জিরো টলান্সে নীতি অবলম্বন করে আসছে। মাদকের বিরুদ্ধে এ সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।



