ফিরেদেখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী : ১৩ নভেম্বর দুই দিনব্যাপী সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা

Editor

প্রকাশিত: 6:39 PM, October 21, 2026

ফিরেদেখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী : ১৩ নভেম্বর দুই দিনব্যাপী সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা

নিজস্ব প্রতিবেদক: সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ফিরেদেখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে রংপুরে দুই দিনব্যাপী সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর ২০২৬ থেকে এ উৎসব শুরু হবে। এতে রংপুরসহ দেশের আট বিভাগের দুই শতাধিক কবি ও লেখক অংশগ্রহণ করবেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর আইডিয়া পাঠাগারে ফিরেদেখার ৪৩৩তম মননপাঠের আসর, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খাঁ, রংপুর আরআরএফের কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি কবি ও লেখক আব্দুর রাজ্জাক, লেখক রেজাউল করিম মুকুল, অধ্যাপক শেখ সাদী, সহযোগী অধ্যাপক বাবুল সরকার, কবি আব্দুর রশিদ, রকিবুল ইসলাম, নীলরতন সরকার, লাবনী ইয়াসমিন, লুনি, ফারহানা হাসান, আল আমিন ইসলাম, আব্দুল কুদ্দুস, মোশারফ হোসেন ও মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরেদেখার সভাপতি তাপস মাহমুদ।

স্বাগত বক্তব্যে ফিরেদেখার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাকিল মাসুদ সংগঠনটির পথচলার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ২০১৩ সালের ২০ অক্টোবর একটি কবিতার ভাঁজপত্র প্রকাশের মধ্য দিয়ে ফিরেদেখার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ছোটকাগজ হিসেবে কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়। ধীরে ধীরে রংপুর শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলের কবি ও লেখকেরা সংগঠনটির সঙ্গে যুক্ত হন। সাহিত্যচর্চার পাশাপাশি সংগঠনটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও অব্যাহত থাকে।

তিনি আরও বলেন, ২০১৫ সালে আনুষ্ঠানিক সাহিত্য উৎসব আয়োজনের মধ্য দিয়ে ফিরেদেখা বৃহত্তর সাংগঠনিক কার্যক্রম শুরু করে। এরপর থেকে রংপুরে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক লিটলম্যাগ মেলা, সাহিত্য উৎসব এবং সাংস্কৃতিক আয়োজনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের কবি ও লেখকদের পদক প্রদানের উদ্যোগ নিয়েছে ফিরেদেখা। আগামী সপ্তাহে পদকপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানানো হয়েছে।

ফিরেদেখা মনে করে, সাহিত্যচর্চার মধ্য দিয়ে একটি চিন্তাশীল ও মননশীল জাতি গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য সামনে রেখে সংগঠনটি রংপুর সাহিত্য উৎসব, লিটলম্যাগ মেলা ও লোকসাহিত্য মেলার আয়োজনের পাশাপাশি মানুষকে বই পড়ায় উৎসাহিত করা এবং পাঠাভ্যাস বিস্তারে কাজ করে যাচ্ছে। সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি নারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিশুদের নতুন পোশাক উপহারসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করছে সংগঠনটি।