রংপুরে রিমান্ডে তথ্য পেয়ে আরও ৩ মোটরসাইকেলসহ একজন গ্রেফতার

Editor

প্রকাশিত: 6:47 PM, October 21, 2026
রংপুরে রিমান্ডে তথ্য পেয়ে আরও ৩ মোটরসাইকেলসহ একজন গ্রেফতার
রংপুর নগরীতে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেফতার আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর চোর চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর দেওয়া তথ্যে আরও তিনটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
গ্রেফতার যুবকের নাম মো. রাসেল মিয়া (২৬)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দামোদরপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর রংপুর নগরীর দর্শনা আলহাজনগর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী তাজহাট থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার এবং পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
পরবর্তীকালে আদালত থেকে ওই আসামিদের তিন দিনের পুলিশ রিমান্ডে আনা হয়। রিমান্ডে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চোর চক্রের বাকি সদস্য ও চোরাই যানবাহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুরুল ইসলাম । প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পীরগঞ্জের শানেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে আরও তিনটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও মোটরসাইকেল চুরি রোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।