মেয়েদের পক্ষ নেয়ায় ছেলেদের মারপিটের শিকার গর্ভধারিনি মা

Editor

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩

মেয়েদের পক্ষ নেয়ায় ছেলেদের মারপিটের শিকার গর্ভধারিনি মা

জেলা প্রতিনিধি, রংপুর॥ আপন দু’বোন পৈতৃক জমির ভাগ চাওয়ায় ভাইদের মারপিটের শিকার হন বিধবা বোন লাভলী (৪০) ফুলমতি(৩০)। আর সেই সময়ে মেয়েদের পক্ষে কথা বলায় ছেলেদের মারপিট থেকে রক্ষা পায়নি মা ফজিলা বেওয়া (৯২)। আহত হন ছেলেদের হাতে। বর্তমানে মা-মেয়ে হাসপাতালের বিছানায় ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছে। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার কাউনিয়া উপজেলার শিবু কুটিপাড়া লিচু বাগান গ্রামে।

ভুক্তভোগি সুত্রে জানা যায়, মৃত্যু আব্দুল খালেকের বিধবা কন্যা লাভলী বেগম ও ফুলমতি বেগম পৈতৃক সূত্রে সাত শতাংশ করে জমির অংশ পায়। ঘটনার দিন সোমবার(৯ জানুয়ারী) রাতে মাকে সাথে নিয়ে দুই বোন তিন ভাই হরজুল ইসলাম, মন্জুরুল ইসলাম ও সিরাজুল ইসলামের কাছে পৈতৃক সূত্রে পাওয়া সাত শতাংশ করে জমি দাবী করে। এতে ভাই বোনদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিধবা বোন লাভলী ও ফুলমতি কে তিন ভাই মিলে মারপিট শুরু করেন। এ সময় মা ফজিলা বেওয়া মেয়েদের পক্ষ নিয়ে কথা বলায় মাকেও ছেলেরা মারপিট শুরু করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে মা ফজিলা বেওয়া, মেয়ে লাভলী বেগম ও ফুলমতি কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে ফুলমতি কে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলেও বর্তমানে মা-মেয়ে হাসপাতালের বিছানায় ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছেন।

এদিকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বে সাথে দেখা হচ্ছে।
উল্লেখ যে বিধবা ওই দু’মেয়ের সাথে বৃদ্ধা মা ফজিলা বেওয়া একত্রে বসবাস করে আসছে।