রংপুর মহানগর আ.লীগের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়েছে নেতাকর্মীরা
জেলা প্রতিনিধি, রংপুর॥ রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্তের ঘটনায় রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নগরীতে শোডাউন করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার(২ জানুয়ারী) দুপুরে বেতপট্টিস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল নিয়ে নেতাকর্মী নগরীর ডিসির মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নবগঠিত মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক প্রবীণ নেতা ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সদ্য সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ নগরীর ৩৩টি ওয়ার্ড এবং ছয়টি মেট্রোপলিটন থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন বলেন, ‘রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের যে ভরাডুবি হয়েছে, তা আমাদের জন্য চরম লজ্জার। আমরা প্রধানমন্ত্রীর কাছে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে এনে আওয়ামী লীগের আগের সুনাম ফিরিয়ে আনার জন্য কাজ করবো। দলের ত্যাগী নেতাকর্মীদের স্থান দিয়ে দলকে আরও শক্তিশালী করা হবে।’ এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা দরকার।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, ‘মহানগর আওয়ামী লীগকে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পুনর্গঠন করে দলে নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন করে তাদের যথাযথ সম্মান দিয়ে দলকে গতিশীল করার জন্য কাজ করা হবে।’
এদিকে নতুন কমিটি ঘোষণার পর রবিবার রাতেই শত শত নেতাকর্মী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ভিড় করতে থাকেন। গভীর রাত পর্যন্ত চলে মিষ্টি বিতরণ আর নতুন নেতাদের বরণ অনুষ্ঠান।
সদ্য সাবেক মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি জানান, নেত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। আমরা সবাই মিলে কিভাবে ভুলত্রুটি সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই পথেই চলতে হবে। এসময় তিনি দল গোছাতে বর্তমান আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে সর্বাত্বক সহযোগিতা করবেন বলেও জানান।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর ফল বিপর্যয় এবং জামানত বাজেয়াপ্ত হওয়ায় সারা দেশে দলটির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ আর হতাশার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার ওপর অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর মহানগর ও রংপুর জেলা শাখার বর্তমান কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। আওয়ামী লীগের রংপুর মহানগর শাখার আহ্বায়ক করা হয়েছে ডা. দেলোয়ার হোসেনকে, যুগ্ম-আহ্বায়ক হয়েছেন আবুল কাশেম। রংপুর জেলা শাখার আহ্বায়ক করা হয়েছে এ কে এম ছায়াদত হোসেন বকুলকে, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক মাজেদ আলী বাবলুকে।



