গাজীপুরে অপহৃত শিশু আরাফাত রংপুরে উদ্ধার-অপহরণকারী গ্রেফতার

Editor

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

গাজীপুরে অপহৃত শিশু আরাফাত রংপুরে উদ্ধার-অপহরণকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর॥ গাজীপুর এলাকা থেকে ৩ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে রংপুরে রেখে মুক্তিপন আদায় চেষ্টাকালে ১ জন অপহরনকারীকে গ্রেফতার এবং অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।
রোববার(২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) সাজ্জাদ হোসেন।
এর আগে শনিবার (২৮ জানুয়ারী) বিকেলে রংপুর টেনিস ক্লাব মাঠ থেকে অপহৃত ভিকটিম শিশু আরাফাতকে উদ্ধার করে।

প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন থানার অন্তর্ভুক্ত কুনিয়া তারগাছ, টেকপাড়া, এলাকার জনৈক সিফাতের বাড়ীর ভাড়াটিয়া মোঃ সামিদুল ইসলাম এর শিশু ছেলে মোঃ আরাফাত হোসেন (৩) কে ২৮ জানুয়ারী সকালে অপহরন করে রংপুরে নিয়ে আসে এবং মুক্তিপন দাবি করে অপহরনকারী।

এ ঘটনায় ভুক্তভোগি আরাফাতের পরিবার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে তাৎক্ষণিক জিএমপি গাছা থানা একটি অধিযাচনপত্র পাঠায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায়। সেই অধিযাচনপত্র প্রাপ্তীর মাত্র এক ঘন্টার মধ্যে আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, কোতয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান এবং ওসি (তদন্ত) হোসেন আলীর নেতৃত্বে এসআই সোহেল রানা, এএসআই মোহাম্মদ সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায়, শনিবার (২৮ জানুয়ারী) বিকেলে রংপুর টেনিস ক্লাব মাঠ থেকে অপহৃত ভিকটিম শিশু আরাফাতকে উদ্ধার করে। এ সময় শিশু অপহরনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত অপহরনকারী রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানাধীন বেনুপাড়া মহল্লার আব্দুর রউফ এর ছেলে মোঃ রাকিব চৌধুরী মিলন (৩০)।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি তদন্ত হোসেন আলী জানান, শনিবার বিকেলে অপহৃত শিশুটিকে জীবিত উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। পরবর্তিতে আজ(রোববার) ভোরে অধিযাচনপত্র অনুযায়ী অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।

রেজাউল করিম জীবন, রংপুর
০১৭২২৮৮২৭৭০