পচা বাসি খাবার ও অস্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণ করার দায়ে ৪৫ হাজার টাকা জরিমানা
জেলা প্রতিনিধি, রংপুরঃ খাদ্যে ক্ষতিকর ক্যামিকেল, রং, সাল্টু, এ্যারারুট, টেস্টিং সল্ট দিয়ে খাদ্যপণ্য বানিয়ে বিক্রি এবং ফ্রিজে পচা বাসি খাবার ও অস্বাস্থ্যকর প্রকিয়ায় খাদ্যপণ্য সংরক্ষণ করার দায়ে রংপুরের দুটি হোটেল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর। রংপুর নগরীর নিউ পারভেজ হোটেল ও নিউ স্টার রেস্তোরায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার(২৭ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশনায় ও রংপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রংপুর নগরীর ধাপে বিভিন্ন হোটেল রেস্তোরায় অভিযান পরিচালনা করা হয়। এসময় খাদ্যে ক্ষতিকর ক্যামিকেল, রং, সাল্টু, এ্যারারুট, টেস্টিং সল্ট দিয়ে খাদ্যপণ্য বানিয়ে বিক্রি এবং ফ্রিজে পচা বাসি খাবার ও অস্বাস্থ্যকর প্রকিয়ায় খাদ্যপণ্য সংরক্ষণ করার দায়ে রংপুর নগরীর নিউ পারভেজ হোটেল ২৫ হাজার এবং নিউ স্টার রেস্তোরায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ আজাহারুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন র্যাব ১৩।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, বিভিন্ন হোটেল রেস্তোরায় অভিযানের পাশাপাশি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত ও সচেতন করার লক্ষে মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।



