মিঠাপুকুরে স্বামীর গোপনাঙ্গ কর্তন করলেন স্ত্রী 

Editor

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৩
মিঠাপুকুরে স্বামীর গোপনাঙ্গ কর্তন করলেন স্ত্রী 
রংপুরের মিঠাপুকুরে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।
বুধবার(২৮ জুন) আনুমানিক দিবাগত রাত ১ টার সময় উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের জোলাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মনজুরুল(২৪) এর গোপনাঙ্গ ব্লেট দিয়ে কেটে দেয় ও মাথায় ছুরি দিয়ে আঘাত করে তার স্ত্রী। পল্লী চিকিৎসকের কাছে প্রাইমারি চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় আহত মনজুরুল কে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
স্থানীয়রা জানায়, বগুড়ার একটি রুটির ফ্যাক্টরিতে কাজ করতো মনজুরুল। বিগত চার বছর আগে বিয়ে করে সংসার করছিলো। তাদের একটি মেয়ে সন্তান ও রয়েছে। পূর্বে এলাকাতেই একটি রুটির ফ্যাক্টরিতে কাজ করায় বাড়িতেই অবস্থান করেছিলো তিনি। কিন্তু দীর্ঘদিন থেকে পেশাগত কাজে বগুড়ায় অবস্থান করায় খুব কম সময়ই বাসায় থাকা হয় তার।
স্ত্রীকে কম সময় দেয়ায় স্বামীর পরকীয়া রয়েছে এই সন্দেহ থেকেই স্বামীর গোপনাঙ্গ কর্তন করে স্ত্রী।
মনজুরুল এর স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে। জীবনে একটাই বিয়ে করছি। সংসার করলে স্বামীর সাথেই করবো, আমার স্বামীকে অন্য কারো হতে দিবো না। তাই আমি আগে ছোড়া দিয়ে তার মাথায় আঘাত করেছি, তারপর ব্লেড দিয়ে ওর গোপনাঙ্গ কেটে দিছি।
ভুক্তভোগীর বাবা সাইফুল জানান, আমার ছেলে কালকে রাত আনুমানিক ১২ টার দিকে বাড়িতে আসছে। আসি আমাক কইলো আব্বা আমার শরীর খারাপ। তাই অল্প একটু ভাত খাওয়ার পর, ওষুধ খায়া ঘুমাইছে। রাত ১ টার দিক চিল্লাচিল্লি শুনে ঘরের দরজা খুলে দেখি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পাশে ব্লেড ও ছুরি হাতে তার বউ বসি আছে। আমার ছেলে এখন রংপুর মেডিকেলে আছে। তার মাথায় তিন জায়গায় আঘাত করেছে, গোপনাঙ্গ কেটে গেছে। এখন ডাক্তার ভালো বলতে পারবে তার কি অবস্থা।
মিঠাপুকুর থানা পুলিশের উপপরিদর্শক মোঃ ডালিম জানান, এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছে ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।