রংপুরের বই মেলায় সাড়া ফেলেছে ছাত্রলীগের মাতৃভূমি স্টল
স্টাফ রিপোর্টারঃ
রংপুরে চলছে সপ্তাহব্যাপী বইমেলা। বই পড়ার অভ্যাস ও জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষিত-সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে চলছে এই বই মেলা।
বই মেলায় সাড়া ফেলেছে রংপুর জেলা ছাত্রলীগের ‘মাতৃভূমি ‘ স্টল।এবারে প্রথম রংপুরের বইমেলায় এ ধরনের স্টোল চোখে পড়েছে পাঠকদের। দৃষ্টিনন্দন এই স্টলে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের লেখা বইসহ তার জীবন-কর্ম ও মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন প্রকাশনীর বাছাই করা বই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের লেখা বই।
দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনাবলীর ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বই ছাড়াও স্টলটির সংগ্রহে রয়েছে ইতিহাস ও রাজনৈতিক অসংখ্য বই। যা এক পলকে আকৃষ্ট করে পাঠক ও দর্শকদের।
স্টলটিতে উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ছাড়াও অন্যান্য বই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ ‘নির্বাচিত প্রবন্ধ’ ‘আমাদের ছোট রাসেল সোনা’ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে বঙ্গবন্ধুর ভাষণ’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় লেখা ‘জয় বাংলা: সাক্ষাৎকার ও আলাপচারিতা’।
বই মেলার মাতৃভূমি স্টলে বই কিনতে আসা ছাত্রলীগ নেতা আলামিন ইসলাম বলেন,বঙ্গবন্ধুর অনেক বই সচারাচর পাওয়া যায় না।রংপুরের এই বই মেলায় জেলা ছাত্রলীগের মাতৃভূমি স্টলে বঙ্গবন্ধুর অনেক বইয়ের সংগ্রহ আছে।এতে আমরা যারা একুশে বই মেলায় যেতে পারিনি তাঁরা খুব সহজে এখান থেকে ওই বই গুলো নিতে পারছি।
মাতৃভূমি স্টলের দায়িত্বে থাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান অনিক জানান,রংপুরের বই মেলায় মাতৃভূমি স্টলে বিভিন্ন উপজেলা থেকে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা বই কিনতে আসেন।তুলনা মূলক ভাবে আমার দেখা নয়া চীন, অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বইগুলোর চাপ বেশি ছিল।
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, আমরা চেষ্টা করেছি একুশে বই মেলার মতো রংপুরের বই মেলায় মাতৃভূমি স্টলের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অর্জনের ইতিহাস পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাজনৈতিক সব ধরনের বই তুলেছি।
তিনি আরও বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের প্রচার, সঠিক ইতিহাস মানুষকে জানার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।
স্টলে ঘুরতে এসে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ পৌঁছে দিতে ছাত্রলীগের এ ধরনের উদ্যোগ আসলেই প্রশংসনীয়।
গত রোববার (৫ মার্চ) থেকে শুরু হওয়া সপ্তাহ ব্যাপী এই বইমেলায় ৩১টি স্টলে জেলার বিভিন্ন প্রকাশনী ও লাইব্রেরি নানা বইয়ের সমাহার ঘটিয়েছে।প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন মেলা চালু থাকছে। এ ছাড়া বইমেলাকে ঘিরে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, চিত্রাংঙ্কন, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোতিা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরর আয়োজন রয়েছে।



