রংপুরে নারী শিশু পিপি’র অপসারনের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

Editor

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

রংপুরে নারী শিশু পিপি’র অপসারনের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, রংপুর॥ রংপুরে আদালত চত্ত্বরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা ও হুমকি প্রদানের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর পিপি খন্দকার রফিক হাসনাইনের অপসারণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা।
রোববার (১২ ফেব্রুয়ারী) দুপুরে প্রেসক্লাবের সামনে রংপুরের সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সমাবেশে সাংবাদিকরা বলেন, গত ৯ ফেব্রুয়ারী নগরী গণেশপুরে দু’বোন হত্যা মামলার রায় ঘোষণা হবে জানিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর সরকারী কৌশলী খন্দকার রফিক হাসনাইন সাংবাদিকদের আদালতে ডাকেন। রায় ঘোষণার পর সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে তাকে খুঁজে পান না। পরবর্তীতে আদালতের এক কর্মচারী জানান তিনি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ তলায় অবস্থান করছেন। আদালতের বাহিরে সাংবাদিকরা ওই হত্যা মামলা রায় সর্ম্পকে পিপি খন্দকার রফিক হাসনাইনের সাক্ষাতকার নেয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। এরই মধ্যে পিপি রফিক হাসনাইন আদালত থেকে বেরিয়ে ওই আদালতে বিচারাধীন জমি সংক্রান্ত মামলার আসামী ৩ পুলিশ কর্মকর্তার ছবি তোলা যাবে না। ছবি তুললে সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুমকি দেন এবং সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। এতে ক্ষুদ্ধ সাংবাদিকরা আদালত চত্ত্বরে ক্ষোভ প্রকাশ করে বিষয়টি আইনজীবি সমিতিকে জানান। আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাড. খন্দকার রফিক হাসনাইনকে সরকারী কৌশলী পদ থেকে সরানো না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন সাংবাদিকরা। ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশ শেষে সাংবাদিকরা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মালেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরুজুল কবীরের কাছে স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে রংপুর টিভি ক্যামেরাজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, রিপোর্টাস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, টিসিএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, সাংবাদিক রেজাউল করিম মানিক, ফখরুল শাহীন, বাদশা ওসমানী, বাবলুর রহমান বারী, জিএম জয়, বাবলু নাগ, আতিকুর রহমান আতিক, একেএম সুমন মিয়া, সাইফুল ইসলাম মুকুল, খুরশীদ আলমসহ বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর শাখা, রিপোর্টস ইউনিটি এবং টিভি, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।