রংপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক সম্রাট আটক
মিল্লাত, রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের ভগবানপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ শাহিন আকন্দ (৫২) নামে এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। আটক মাদক কারবারী শাহিন আকন্দ উপজেলার ভগবানপুর (সরকারপাড়া) গ্রামের মৃত মফিজল আকন্দের ছেলে।
শুক্রবার( ৩ ফেব্রুয়ারী) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল, মিঠাপুকুর- পীরগঞ্জ) মোঃ কামরুজ্জামান।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পীরগঞ্জ থানা পুলিশের সদস্যরা। শুক্রবার মধ্যরাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার ভগবানপুর গ্রাম থেকে অভিযানে মাদক সম্রাট শাহিন আকন্দকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও গাঁজা বিক্রি করা ৩ হাজার ৮’শ ২০ টাকা জব্দ করেন পুলিশ। মাদক সম্রাট শাহিন আকন্দ দীর্ঘদিন ধরে মাদককারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ৫ টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল, মিঠাপুকুর- পীরগঞ্জ) মোঃ কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।



