রসিক নির্বাচনে লাঙ্গলের প্রস্তাব ফিরিয়ে দিলো তানবীর
জেলা প্রতিনিধি, রংপুরঃ আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির রওশন পন্থীদের লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনের প্রস্তাব ফিরিয়ে দিলো তানবীর হোসেন আশরাফী নামে সাবেক ছাত্রনেতা।
বুধবার(২৩ নভেম্বর) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে নিজের অবস্থান ওসিদ্ধান্ত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
সংবাদ সম্মেলনে তানবীর হোসেন আশরাফী বলেন, রংপুর নগরীতে আমার জন্ম। রংপুরের আলো বাতাসে বড় হয়েছি, সেই রংপুরের উন্নয়নে ইতিপূর্বে সকল আন্দোলনে যুক্ত থেকে কাজ করেছি। আমার ৩৭ বছরের জীবনে সবসময় রংপুরের মানুষের সাথে ছিলাম এখনও আছি। আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে জাতীয় পার্টির রওশন পন্থী বহিস্কৃত মসিউর রহমান রাঙ্গার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বড় একটি রাজনৈতিক দলের একাংশ তাদের প্রতিক নিয়ে মেয়র নির্বাচনে অংশ নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। আমি সেই প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছি। সেই সাথে বলতে চাই, আমি কখনও জাতীয় পার্টির রাজনীতির সাথে ছিলাম না, ভবিষতেও থাকার চিন্তা করি নাই, জাসদ ছাত্রলীগের রাজনীতি করেছি ১৩ বছর ধরে। আমি কোন রাজনীতির সাথে নাই, বর্তমানে অরাজনৈতিক হিসেবে রয়েছি। তারপরও চারিদিকে আলোচনা, গুজব, গুঞ্জন চলছে, সেই আলোচনা গুজবের বিষয় পরিস্কার করতে আজকের সংবাদ সম্মেলন।
তানবীর হোসেন আশরাফী আরো বলেন, ২০২২ সালের রংপুর সিটি কর্পোরেশনের তৃতীয় বারের এ নির্বাচনে আমি অংশ নিবো না, তবে আগামীতে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছে রয়েছে। এসময় তিনি সবার কাছে দোয়া প্রত্যাশা করেন এবং সকল প্রকার গুজব গুঞ্জনে কান না দেয়ার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে তানবীর হোসেন আশরাফীর স্ত্রী কণ্ঠশিল্পী মাহমুদা আক্তার মিতু ও বাংলার চোখ সংগঠনের উপদেষ্টা মাহবুবুল ইসলাম।



