২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলমের কাউন্সিলর অফিস উদ্বোধন
স্টাফ রিপোর্টার॥
ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর অফিস উদ্বোধন করলেন কাউন্সিলর রফিকুল আলম। গতকাল শুক্রবার বাদ আছর মিলাদ, দোয়া মাহফিল ও ফিতা কেটে অফিসের উদ্বোধন করা হয়। অফিস উদ্বোধনে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নিয়ামুল হক বিপ্লবী।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সদস্য নাজমুল করিম ডলার, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল ইসলাম ফেরদৌস, এ কে শামসুদ্দিন রনি, তুহিন সরকার, মহিলালীগের নেত্রী ও বিশিষ্ট ক্রীড়াবিদ বিউটি আলমসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা।
পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর অফিস উদ্বোধন করা হয়। এসময় কাউন্সিলর রফিকুল আলম বলেন, এ কাউন্সিলর অফিস কাউন্সিলরের ব্যক্তিগত অফিস নয়। এই অফিস ২৪ নং ওয়ার্ডবাসীর। যেখানে ওয়ার্ডবাসী নাগরিক সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।



