রংপুরে কৃষকের ধান কাটা ও মাড়াই করে দিলেন মহানগর কৃষকলীগ
হটলাইনে ফোন পেয়ে এক কৃষকের এক একর জমির ধান কাটা, মাড়াই করে ঘরে তুলে দিলেন রংপুর মহানগর কৃষকলীগের নেতাকর্মীরা।
শনিবার(২৯ এপ্রিল) রংপুর নগরীর হাজিরহাট থানার অভিরাম বত্তরের দোলায় সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এ ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৭ টায় মাথায় টোপর, ঘারে গামছা এবং হাতে কাস্তে নিয়ে নেমে পরেন ধানের জমিতে। মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে এক এক করে অন্যান্য নেতাকর্মীরা শুরু করেন ধান কাটা। এক সাথে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী এ ধান কাটায় অংশ নেন। পরে ধান কাটা ও মাড়াই করে ঘুরে তুলে দিয়ে শেষ করেন ধান কাটা উৎসব।

এদিকে তখনও বিশ্বাসেই করতে পারছেন না কৃষক আমিনুর রহমান। এক দুপুরের মধ্যে এক একর জমির ধান কাটা ও মাড়াই শেষ করে ঘরে তুলে দিবেন কৃষকলীগের নেতাকর্মীরা এ যেন স্বপ্নের মতো। কৃষক আমিনুর রহমান জানান, শুক্রবার একজনের কাছে কৃষকলীগের হটলাইন নিয়ে ফোন দেন তিনি। সেই সময় কৃষকলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন কথা দেন আজকে ধান কাটা ও মাড়াই করে দিবেন। আজকে করেও দিলেন তারা। এজন্য কৃষক আমিনুর রহমান কৃষকলীগের নেতাকর্মী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
রংপুর মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই আমরা কৃষকের পাশে দাড়ানোর উদ্দেশ্যে একটি হটলাইন চালু করি। সেই হটলাইনে কেউ সহযোগিতা চাইলে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করছি। ইতিমধ্যে আমরা কয়েকজন কৃষকের ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছি। এই কাজটা অব্যাহত থাকবে।
রংপুর মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল হামিদ জানান, কৃষকের পাশে কৃষকলীগ দাঁড়াবে এটাই স্বাভাবিক। আমাদের নেতাকর্মীরা সবাই এ বিষয়ে আন্তরিক। গত ৩ বছর ধরে আমরা কৃষকের ধান কাটা ও মাড়াইয়ের কাজটা করছি। এছাড়াও রংপুর মহানগর কৃষকলীগের পক্ষ থেকে বীজ, সারসহ অন্যান্য সহযোগিতাও অব্যাহত রয়েছে।
রংপুর মহানগর কৃষকলীগের ধান কাটা উৎসবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, মহানগর কৃষকলীগের সহ-সভাপতি নুর ইসলাম, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেঘনাথ বর্মনসহ অন্যান্য নেতাকর্মীরা।



