মিঠাপুকুরে ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার
মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিরাহিমপুরে আব্দুল কাদের শেখ নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ মে) নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি কাঁচামাল ব্যবসায়ী মৃত আব্দুল কাদের শেখ মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। গত রমজান মাসেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তারই অংশ হিসেবে গতকাল বাড়িতে পরিবারের লোকজন না থাকায় তিনি হয়তো আত্মহত্যা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, কেউ যদি আত্মহত্যা করে তাহলে মাটি থেকে নূন্যতম উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে। কিন্তু মৃত কাদেরের পা মাটির সাথে লাগানো। এটি হত্যা করে ঝুলানো হতে পারে। মৃতের ছেলে বাঁধন ইসলাম জানান, আমার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গতকাল সারারাত পূর্বের মতই তিনি গোঙ্গানি শব্দ করেছেন। বাড়িতে আমি ছাড়া অন্য কেউ ছিলেন না। সকাল ৮টায় বাবার রুমে গিয়ে দেখি গলায় ফাঁস দিছে।
পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান জানান, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলো। ঘরে স্ত্রী না থাকায় দরজা লাগিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে সার্কেল এএসপি ও ওসি মহোদয় পরিদর্শন করেছেন। ময়নাতদন্ত শেষে হত্যা না আত্মহত্যা এ বিষয়ে জানা যাবে।



