সমাজসেবায় সম্মাননা পদক পেলেন কবি আব্দুস ছাত্তার প্রামানিক
নিজস্ব প্রতিবেদক: রংপুর সাহিত্য একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সমাজসেবা সম্মাননা পদক পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক কবি আব্দুস ছাত্তার প্রামানিক। শনিবার রংপুর টাউনহলে অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন ও জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য অতিথিবৃন্দ তার হাতে এ পদক তুলে দেন। আব্দুস ছাত্তার প্রামানিক রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ডের পূর্ব ঘাঘটপাড়ার বাসিন্দা। তিনি বৃক্ষরোপন, বাল্যবিবাহ রোধ, শীতবস্ত্র বিতরণ, মাদকবিরোধী আন্দোলন, কমিউনিটি ক্লিনিক স্থাপনে জমিদান, মসজিদ নির্মাণ, কবরস্থানে জমি দান, শিক্ষা বিস্তারে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িতসহ বিভিন্ন সমাজসেবার সাথে সম্পৃক্ত। তিনি পূর্ব ঘাঘটপাড়া আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, গণশিক্ষা কার্যক্রমের সভাপতি, নাগরিক কমিটির সদস্য, সাহিত্য একাডেমীর দপ্তর সম্পাদক, মৌচাকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ক্যাডেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, যুগের আলো পত্রলেখক পরিষদের কার্যকরি সদস্যসহ বিভিন্ন সমাজসেবামুলক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। আব্দুস ছাত্তার প্রামানিক শুধু সমাজসেবায় নয়, সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরে ছড়া, কবিতা, চিঠিপত্র ও কলাম লিখে থাকেন। তিনি এর আগেও অনেক প্রতিষ্ঠান থেকে সমাজসেবা ও লেখালেখির কারনে সম্মানিত হয়েছেন।


