রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র্যালি ও রঙ ছিটিয়ে উল্লাস
নিজস্ব প্রতিবেদক ; বিশ্বকাপ ফুটবল ঘিরে পছন্দের দল নিয়ে সারাদেশে চলছে উন্মাদনা। সেই উন্মাদনা থেকেই রংপুরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি করেছেন সমর্থকেরা। এ সময় তারা প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়ে নানান শ্লোগানে উল্লাস করেন। সেই সাথে এই বিশ্বকাপেও আর্জেন্টিনা শিরোপা জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সোমবার (১৫ জুন) দুপুরে টাউনহল চত্বর থেকে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের উদ্যোগে এ বর্ণাঢ্য র্যালী বের হয়। বর্ণাঢ্য র্যালীতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকেরা আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে এবং দলের জার্সি পরে অংশ নেন। এ ছাড়াও বড় বড় বাঁশি বাজানো ও রঙ ছিটিয়ে উল্লাস প্রকাশ করা হয়। র্যালিটি রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ পূণরায় টাউনহল চত্বরে শেষ হয়। এরপর সেখানে আর্জেন্টিনা দলের বিভিন্ন খেলার ক্লিপ দেখানো হয়। এসময় আর্জেন্টিনার সমর্থকরা রঙ ছিটিয়ে উল্লাস প্রকাশ করে।
অংশগ্রহণকারী ও সংগঠক সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক বলেন, ফুটবল বিশ্বকাপ মানে আর্জেন্টিনা। গোছানো ও শৈল্পিক ফুটবল খেলার অন্যতম দাবীদার দল এই আর্জেন্টিনা। তাই নানা আয়োজনের মাধ্যমে নিজেদের দলকে উৎসাহ দিতে চান। একই সঙ্গে রংপুরে আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠি কতটা শক্তিশালী, সেটিও তুলে ধরতে চান। তিনি বলেন, আর্জেন্টিনার দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে এবং দলটি বর্তমানে বিশ্বে র্যাংকিংয়েও ভালো অবস্থানে আছে। মেসির হাত ধরে এবারো জয়ের সম্ভাবনাও বেশি।
ছেলে মোহাম্মদ রাজিমুজ্জামান হৃদয় ও বাবা সাংবাদিক আসাদুজ্জামান আফজাল দুজনেই আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্য। দুজনেই সকাল থেকেই র্যালীতে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছেন। দু্ইজনে মিলে র্যালীতে আনন্দ উল্লাস করেছেন। এ নিয়ে রাজিমুজ্জামান হৃদয় বলেন, সত্যি বলতে খুব ছোট থেকে আর্জেন্টিনার সমর্থক। বাবাও আর্জেন্টিনার সমর্থক। আমরা বাবা ছেলে মিলে সবসময় আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থনে র্যালী কিংবা অনুষ্ঠানে অংশ নেই। ভালোই লাগে।
ক্ষুদে সমর্থক জাওয়াদ হোসেন বলেন, বাবা-মায়ের কাছে আর্জেন্টিনা ফুটবল দলের কথা শুনেছেন। এবারে সরাসরি খেলা দেখবে জাওয়াদ। বাবা মা পছন্দ করে আর্জেন্টিনা ফুটবল তাই সেও দলটিকে মন থেকে সমর্থন করেন। বাবার সাথে র্যালিতে অংশ নিয়ে আনন্দ-উল্লাস করার কথাও জানান তিনি।
আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন প্রিন্স বলেন, শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। সেই বিশ্বকাপে তাদের প্রিয় দল প্রতিবারের মতো এবারেও আর্জেন্টিনা অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি এবারও চ্যাম্পিয়ন হবে। তিনি বলেন, সারা দেশে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি ও শোভাযাত্রার অংশ হিসেবে রংপুরেও আয়োজন করা হয়েছে।
আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের সভাপতি ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন বলেন, আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। তাই কোনো দেশকে নয়, একটি ফুটবল দলকে সমর্থন করি। সেই সমর্থনের জায়গা থেকে আজকে বর্ণাঢ্য র্যালী ও আনন্দ উল্লাস করেছি আর্জেন্টিনার সমর্থকরা মিলে। আমরা আর্জেন্টিনা ও মেসির ভক্ত হলেও অন্য কোনো দলের প্রতি আমাদের কোন বিদ্বেষ নেই। আমরা চাই সবাই মিলে ফুটবল খেলা উপভোগ করবো এটাই আমাদের লক্ষ্য। তবে ফুটবল খেলা অনিশ্চয়তার খেলা হলেও এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এমনটাই আশা ব্যক্ত করেন তিনি।


