রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের প্রতি আস্থা তৈরির আহ্বান জানান: নির্বাচন কমিশনার

Editor

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের প্রতি আস্থা তৈরির আহ্বান জানান: নির্বাচন কমিশনার

ইমরোজ ইমু ,রপুর ঃ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের প্রতি আস্থা তৈরির আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বিশেষায়িত প্রশিক্ষণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, আমরা বসার পর থেকেই শুনছি যে, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই। শুধু নির্বাচন কমিশন একা আস্থা তৈরি করবে তা নয়, সবাইকে আস্থা তৈরি করতে হবে। কারো না কারোর প্রতি বিশ্বাস থাকতে হবে। আমরা ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, এ আস্থা-বিশ্বাস মনের ভেতর আনতে হবে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম নিয়ে এক প্রার্থীর শঙ্কার বিষয়ে রাশিদা সুলতানা বলেন, শুধু উনি কেন, ইভিএম নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। আমি শুধু এটুকু বলবো, নির্বাচন কমিশনের মতো ইভিএমেও আস্থা আনতে হবে। তিনি বলেন, আমরা আসার পর ব্যাপকভাবে ইভিএমের পরীক্ষা-নিরীক্ষা করেছি। ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন নির্বাচনে ইভিএমের ব্যবহার করেছি। ইভিএম বা যন্ত্রে কিন্তু কোনো ত্রুটি নেই। যন্ত্রের ভেতরে কোনোরকম কারসাজির সুযোগ নেই এটা আমরা নিশ্চিত। এটা নিশ্চিত হয়েই জাতীয় নির্বাচনে সর্বোচ্চ দেড়শো আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শুধু এটুকু বলবো, যন্ত্র কখনও খারাপ হয় না, যন্ত্রের পেছনে হয়তো কেউ কেউ দুষ্কর্ম করতে চান। আমরা নির্বাচন কমিশন থেকে এমন দুষ্কর্মকে কখনো প্রশ্রয় দেইনি এবং দেবনা। অন্তত নির্বাচন কমিশনের প্রতি এটুকু আস্থা রাখতে পারেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে জানিয়ে বেগম রাশিদা সুলতানা বলেন, আমরা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। নির্বাচন সফল করতে যা যা করার দরকার সব উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সারাদেশে রংপুরের সুনাম আছে। সেই সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি। এজন্য আমি রংপুর সিটি করপোরেশনে অংশ নেওয়া সব প্রার্থী ও ভোটারসহ নগরবাসীর সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন। ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।