রংপুরে দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: গ্রেফতার ১

Editor

প্রকাশিত: 7:14 PM, August 18, 2026
রংপুরে দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগাছায় দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (১৭ আগস্ট) রাত আটটা থেকে নয়টার মধ্যে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে আমেরিকা প্রবাসী ফজলে এলাহী রিপন এবং ফজলে রাব্বী রাসেলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের পকেটে গেটের উপরের দেয়াল টপকিয়ে দুর্বৃত্তরা প্রবাসী রাসেল ও রিপনের ঘরে প্রবেশ করে। আলমারী সাবল দিয়ে ভেঙ্গে ফেলে। আলমারিতে থাকা প্রায় দশ ভরি স্বর্ণ এবং নগদ কিছু টাকা লুট করে নিয়ে চলে যায়। আসবাবপত্র পোশাক আশাক সব তছনছ করে ফেলে। রিপন-রাসেলের স্ত্রী এবং সন্তানরা রংপুর নগরীতে বসবাস করেন। ঘটনার সময় গৃহ পরিচারিকা বাড়ির প্রধান ফটক তালা মেড়ে বাইরে গিয়েছিলেন। রিপন ও রাসেল সম্প্রতি আমেরিকা থেকে রংপুর এসেছেন। আগামী শুক্রবার তাদের আমেরিকায় যাওয়ার কথা। খবর শুনে তারা রাতেই গ্রামের বাড়িতে যান।
খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থল পরিবদর্শন করেন পীরগাছা থানা পুলিশ। এ সময় প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন এবং গৃহ পরিচারিকাসহ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। রাতেই এ ঘটনায় খানায় মামলা করেন প্রবাসীর চাচা আব্দুল খালেক সুলতান। মামলার পরেই রাতেই স্থানীয় মনু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।
প্রবাসী ফজলে রাব্বী রাসেল জানান, ‘ আমরা দুই ভাই আমেরিকা প্রবাসি রেমিট্যান্স যোদ্ধা। পড়াশুনার কারণে স্ত্রী ও সন্তানরা রংপুর শহরে থাকে। সম্প্রতি আমরা রংপুরে এসেছি। আমাদের আগামী শুক্রবার (২১ আগস্ট) দুই ভাইয়ের আমেরিকায় ফিরতি ফ্লাইট। সোমবার (১৭ আগস্ট) রাত ১০ টায় এলাকা থেকে ফোন আসে বাসায় ডাকাতি হয়েছে। সাথে সাথেই আমরা রংপুর থেকে এসে দেখি ঘরের আলমারী শাবল দেয় ভেঙ্গে প্রায় ২৫-৩০ লাখ টাকার গহনা ছিল সেটা লুট করে নিয়ে গেছে। কিছু চেকের পাতা ছিল সেটা ছিড়ে ফেলেছে। আসবাবপত্র তছনছ করে গেছে। আমরা এর একটা দ্রুত পদক্ষেপ চাই। বিদেশে আমরা কস্টার্জিত অর্থ দেশে পাঠাই।
গৃহ পরিচারিকা বেদানা বেগম জানান, ”আমি ৪০ বছর ধরে এই বাড়িতে থাকি। আমার মেয়েটাকে রিপন লোক পাঠাইছিল রংপুর নিতে। আমি সন্ধা ৭ টার দিকে মেয়েকে রংপুর পাঠাই। মেয়ে চলে যাওয়ার কারণে ভালো লাগতেছিল না-পরে গেটে তালা দিয়ে বাড়ির বাইরে হাটাহাটি করি। কিছুক্ষণ পর যখন বাড়িতে ঢুকবো তখন দেখি গেট ভেতর থেকে ছিটকিনি দেয়া। এসময় চিৎকরা করি। পরে গেট খুলতে না পেরে, উপর দিয়ে উঠে সিটকিনি খুলে গিয়ে দেখি রাসেলের ঘরের আলমারি ভাংগা। ভেতরের সব কিছু এলোমেলো করা। ব্যাগ সোনাদানা যা ছিল সব নিয়ে গেছে। ‘
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ‘সোমবার সাড়ে ১১ টার দিকে একটা সংবাদ পাই, আমেরিকা প্রবাসীর বাড়িতে ঢুকে আলমারী ভেঙে স্বর্ণালংকার এবং টাকা নিয়েছে। এই সংবাদ পেয়েই আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করেছি। এই বিষয়ে একটা মামলা হয়েছে। একজনকে আমরা আটকও করেছি। একই সাথে মালামালগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখে। তাদের বাড়িতে এধরণের ঘটনা খুবই দুঃখজনক। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দেখার জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।