রংপুরে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাব-সংলগ্ন ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্দির কমিটিসহ বিএনপি নেতারা।
এর আগে, সকাল সাড়ে ৯টায় একটি সামরিক বিমানে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু ,বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথ প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের উদ্দেশে যাত্রা করেন। এ সময় তারাগঞ্জ ও পাগলাপীর পৃথক পথসভায় বক্তব্য দেন। এ সময় সড়কের দুইপাশে হাজারো নেতাকর্মী দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। পরে দুপুর ১২টার দিকে রংপুরের শত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে যান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী পূজামণ্ডপে প্রবেশ করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে সনাতন সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর।
রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।


