জাপার মনোনয়ন পেয়ে নগরবাসীর দোয়া চাইলেন মোস্তফা

Editor

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

জাপার মনোনয়ন পেয়ে নগরবাসীর দোয়া চাইলেন মোস্তফা

জেলা প্রতিনিধি, রংপুর॥ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়ে নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় চেয়ারম্যানের পক্ষে মহাসচিব মজিবুল হক চুন্নু তাকে মনোনয়ন দেন। তার পক্ষে পার্টির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম ইয়াসির মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন পাওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম ইয়াসির। তিনি বলেন, রংপুরে একাধিক সভা-সমাবেশে পার্টির চেয়ারম্যান বর্তমান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন। সর্বশেষ গত ২৫ অক্টোবরও রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত মহানগর জাপার সম্মেলনে মোস্তফাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তবে রোববার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রার্থী যাচাই-বাছাই শেষে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোস্তাফিজার রহমান মোস্তফা চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়।

এদিকে মনোনয়ন পেয়ে রংপুরকে স্বপ্নের নগরী হিসেবে গড়তে নগরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। সেই সাথে দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। আশা করছি, যদি ভোটের পরিবেশ নষ্ট না করা হয়, প্রশাসন নিরপেক্ষ হয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করেন, তাহলে বিজয় আমাদের শতভাগ নিশ্চিত।

উল্লেখ্য ২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি কর্পোরেশন গঠন হয়। ওই বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু প্রথম নগরপিতা হিসেবে নির্বাচিত হন। বর্তমানে এই সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছে চার লাখের বেশি।