আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ মিথ্যা দাবি মোস্তফার
রংপুর: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ কে মিথ্যা দাবি করেছেন জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, ‘শুধু আমার বিরুদ্ধেই সবার অভিযোগ যে আমি আচরণবিধি ভাঙছি কিন্ত এটা ফেক (মিথ্যা) অভিযোগ’।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে নগরীর সিও বাজারে গণসংযোগ কালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মোস্তফা বলেন, ‘তারা বুঝতে পারছে যে ফলাফলটা একরকম তৈরি হয়ে গেছে। এ সময় অভিযোগ করে তারা আমার অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। আমি এগুলোকে অভিযোগ মনে করি না ।আমাদের কাছে তো নির্বাচনী আইন আছে সেগুলো মেনেই নির্বাচন পরিচালনা করছি। আমরা পাঁচজন আসছি এখানে যদি ২৪ জন লোক যে তাহলে আমি এটাকে কিভাবে রোধ করব। এটাকে যদি আচরণবিধি লঙ্ঘন মনে করেন তাহলে এটা ঠিক হবে না’। সদ্য বিদায়ী এই মেয়র বলছেন, কোথাও গণসংযোগ করতে গেলে এখানে স্থানীয় লোকজন ভীড় করছে। পিছনে পিছনে মানুষ মোটরসাইকেল নিয়ে ঘুরছে। পথসভা গুলোতে লোক বেশি হওয়ায় জনসভা করার যে অভিযোগ উঠেছে নিছক মিথ্যা। অন্য প্রার্থীর জনসভায় তো লোকই হয় না, আমার জনসভায় লোক আসলে আমি কি করব? তিনি বলেন, মানুষের আবেগ-উচ্ছ্বাস দেখে এরশাদের প্রতি ভালোবাসা দেখেই বোঝা যাচ্ছে এবার লাঙ্গল মার্কা গত নির্বাচনের চাইতে বেশি ভোটের ব্যবধানে জিতবে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, যুব সংহতির জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টি নেতৃবৃন্দ।



