ইজিবাইক (অটো) সাইড দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৬
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে ইজিবাইক (অটো) সাইড দেয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি। সেই তর্কাতর্কি থেকে হাতাহাতি। সেখান থেকে সংঘর্ষ ও ৬ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে।তাদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার ১নং খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ বাজারের মসজিদের সামনে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
বিকেলে সরকারপাড়া এবং একই ইউনিয়নের পশ্চিমপাড়ার ইজিবাইক চালকদের মধ্যে তর্কাতর্কি হয়।এক পর্যায়ে খোড়াগাছ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আব্দুল ছাদেক মিয়ার নির্দেশে হত্যার উদ্দেশ্যে তার ছেলে জিয়ারুল ইসলাম,এরশাদ মিয়া,হানিফ মিয়া এবং শফি মিয়াসহ একদল উশৃংখল লোক সরকার পাড়া গ্রামের ইজিবাইক (অটো) চালকদের উপর হামলা করেন।এতে আক্তারুল ইসলাম, আনিসুল হক আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মিন্টু মিয়া,গণি মিয়া বলেন,আমরা ঘটনার প্রথম থেকেই ছিলাম।আনিসুল ইসলাম এর সঙ্গে জিয়ারুল ইসলামের মামা ভাগ্নে সম্পর্ক। প্রথম অবস্থায় অটো সাইড দেয়াকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। আমরা ভাবছিলাম ফাজলামি করছে। তাই সেভাবে বুঝতে পারেনি।পরে দেখতে পাই তাদের মধ্যে হাতাহাতি চলছে।আমরা এগিয়ে গিয়ে হাতাহাতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।পরে বিষয়টি সমাধানের চেষ্টা করলে এমন সময় জিয়ারুল ইসলাম সবার অগোচরে হাতে থাকা ইট দিয়ে আনিসুলের ভাই আক্তারুল ইসলামের মাথায় স্বজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে যান তিনি।এমন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার বিষয়ে জিয়ারুল ইসলাম জানান, ফাজলামি করছিলাম। তবে এক পর্যায়ে রাগ উঠে যায়। আমি রাগের মাথায় এমনটি করেছি।
১নং খোড়াগাছ ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দু-পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলেছি। পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



