রংপুর বিভাগে ৩৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন

Editor

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬
রংপুর বিভাগে ৩৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
নিজস্ব প্রতিবেদক: হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. মো. জাকির হোসেন বলেছেন, অস্বাস্থ্যকর জীবনযাপন অনিয়ন্ত্রিত খাদ্যাভাস মানসিক চাপ শারীরিক পরিশ্রমের অভাব এবং অনিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কারণে দিন দিন বাড়ছে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই পরিসংখ্যান অনুযায়ী রংপুর বিভাগে ৩৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।
শুক্রবার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুরে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর শুধু চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, নিয়মিত ফলোআ এবং গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুস্থ্য সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার লক্ষে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩২২টি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করেছে। এসব ক্যাম্পে বিনামুল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরিক্ষা, চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্যসচেতনতামুলক আলেচানা করা হয়েছে।
বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যা অনেক সময় কোন ধরনের দৃশ্যমান উপসর্গ ছাড়াই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্থ করতে থাকে। এ কারনে একে নীরব ঘাতক বলা হয়। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারনে স্ট্রোক, হার্ট এ্যাটাক, কিডনি বিকল, ব্রেইন হেমারেজ, দৃষ্টিশক্তি হ্রাসসহ বিভিন্ন জটিল রোগের ঝুকি বহুগুনে বৃদ্ধি পায়। তাই নিয়মিত স্বাস্থ্য পরিক্ষা, জীবনযাপনে পরিবর্তন, সুষম খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ অনুযয়ী ওষুধ সেবনের গুরুত্ব দিতে হবে।
“একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভার আয়োজন করে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মুহাম্মদ জহুরুল হক, বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোখলেছুর রহমান সরকার। এছাড়াও বক্তব্য রাখেন আইআরবি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. শাহ মোহাম্মদ সারোয়ার জাহান,  হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুরের নির্বাহী সদস্য ডা. মফিজুল ইসলাম মান্টু, রাকাবের ডিজিএম মাহিদুল ইসলাম, সুজন জেলা সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, লেখক আবিদ করিম মুন্না। আলোচনার শুরুতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খাদ্যাভাস ও চিকিৎসা বিষয়ে একটি প্রেজেন্টেশন দেখানো হয়। উপস্থাপন করেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুরের সিও আনোয়ার হোসেন।
আলোচনা সভায় রংপুরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
রেজাউল করিম জীবন, রংপুর
01722882770