রংপুরে ডাক্তার মমতাজ বেগম স্মৃতি সম্মাননা প্রদান
নিজ্স্ব প্রতিবেদক: বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্যিক ডা.মমতাজ বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে ডাক্তার মমতাজ বেগম স্মৃতি সম্মাননা প্রদান উপলক্ষে স্মারক বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করে ডাক্তার মমতাজ বেগম স্মৃতি পরিষদ। রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি হাসনা হেনা বেগম রোজীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্থপতি মাসুদুল ইসলাম সাম্য, সাহিত্য চর্চায় রংপুর অঞ্চলের নারী শীর্ষক স্মারক বক্তৃতা করেন পরিষদের সভাপতি ডক্টর নাসিমা আকতার। পরিপূরক আলোচনা করেন লেখক শ ম আমজাদ হোসেন সরকার। স্মৃতিচারণ করেন শিখা সংসদ, রংপুরের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার, প্রাণীরোগ বিশেষজ্ঞ ডা. নাছিমুল ইসলাম শোভন। সঞ্চালনা করেন শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। এবারে বাচিক শিল্পী, সংবাদ পাঠক, শিক্ষক রেজিনা সাফরীন ও সাহিত্যিক ও সমাজচিন্তক নার্গিস আক্তার বানু ঝর্ণাকে ডাক্তার মমতাজ বেগম স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টুসহ স্মৃতি পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।



