রসিক নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে যাচাইয়ে মনোনয়ন দাখিল করা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ ২৭৭ জনের মধ্যে ৩৬ জনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে মেয়র পদে ১০ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শিল্পকলা একাডেমি হল রুমে দিনব্যাপী যাচাই শেষে সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এ ঘোষণা দেন।
আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশনের তৃতীয়বারের নির্বাচন। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ নভেম্বর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে ১০, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জন মনোনয়ন ফরম দাখিল করেছিলেন। আগামী ৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ৯ ডিসেম্বর দেওয়া হবে প্রতিক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।



