রংপুরে তিনদিনব্যাপী চারুকলা প্রদর্শনীর উদ্বোধন
জেলা প্রতিনিধি, রংপুর॥ চুয়ান্নজন বিভিন্ন বয়সের চারুশিল্পীর আকাঁ ছবি নিয়ে রংপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী শিশু কিশোর চারুকলা প্রদর্শনী। মঙ্গলবার(১৭ জানুয়ারী) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে মখঅবয়ব এঁকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই চারুকলা শিল্পীদের শিল্প সময়ের কথা বলে, আগামীর কথা বলে। এই শিল্পের মাধ্যমে শিশুরা তাদের ভিতরে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। তারা বর্তমান সময়কে জানবে। তারা মানবিক হবে। আজকের শিশুরা অনেক কিছু শিখবে, জানবে। এই জানা ও শেখার জ্ঞান দিয়ে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এজন্য আমাদের অভিভাবকদের সকলের উচিত শিশুদের সৃজনশীল কর্মকান্ডের সাথে থাকা। তাহলে শিশুরা মোবাইল ফোনে কুফল থেকে দুরে থাকবে এবং আগামীর জন্য তৈরী হবে। শিশু কিশোরদের চারুকলা প্রদর্শনীর সাথে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে আগামীতে বলে আশ^াস দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগি অধ্যাপক আজহার আলী দুলাল, সংগঠক আরিফুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রাজনৈতিক সামাজিক সংগঠক এডভোকে পলাশ কান্তি নাগ, সাংবাদিক ও সাহিত্য সংগঠক রেজাউল করিম জীবনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিনদিনব্যাপী শিশু কিশোর চারুকলা প্রদর্শনীর আয়োজক সংগঠন চারুকলা রংপুরের প্রতিষ্ঠাতা শিল্পী আহসান আহমেদ।
শিল্পী মকসুদার রহমান মুকুলের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে তিনদিনব্যাপী শিশু কিশোর চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
শিশু কিশোর চারুকলা প্রদর্শনীতে বিভিন্ন জেলার ৭ বছর থেকে ৭৮ বছরের চুয়ান্নজন চারুশিল্পীর আকাঁ ৭৪ টি ছবি প্রদর্শনী হয়। প্রদর্শনীতে জলরঙ, তৈল রঙ, স্কেচ, ভাষ্কর্য, ক্যালিগ্রাফি, সরা পেইন্টিং ইত্যাদির মাধ্যমে শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়। এছাড়াও শিল্পীদের শিল্পকর্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর প্রট্রেট, নিশর্গচিত্র ইত্যাদি উঠে আসে।

রংপুর বিভাগ ছাড়াও বগুড়া থেকে গাজী আশা, ঢাকা থেকে ইমন আলী, চট্টগ্রাম থেকে শামিয়া ইসলাম বাধন, নড়াইল থেকে সুতপা বর্মনের চিত্রশিল্প স্থান পায় এই প্রদর্শনীতে। শিশু কিশোর চারুকলা প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে।
আয়োজক সংগঠক চারুশিল্পী আহসান আহমেদ জানান, শিশু শিল্পীদের উৎসাহ উদ্দীপনা আর সাহস যোগাতে কয়েকবছর থেকে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এটি আগামীতেও অব্যাহত থাকবে। এসময় তিনি রংপুরের শিল্পমনা মানুষদের আগামীদিনে চারুকলা প্রদর্শনী আয়োজনে সহযোগিতা কামনা করেন।



