রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় পরিতোষের ১১ বছর কারাদণ্ড

Editor

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় পরিতোষের ১১ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগঞ্জে ফেসবুকের পোস্টে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার  অভিযোগে দায়ের করা মামলায় পরিতোষ সরকার (২১) নামে এক যুবকের বিভিন্ন মেয়াদে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় অভিযুক্ত পরিতোষ সরকার আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি পরিতোষ সরকারকে চারটি ধারায় ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। তবে সকল সাজা একত্রে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন কৌসুলি।

এ বিষয়ে বিবাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিফলন ঘটেনি। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। আর উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার জানান, বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন আদালত। আমরা সরকার পক্ষ সন্তোষ্ট।

উল্লেখ্যঃ ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার জেরে ২০২১ সালের ১৭ অক্টোবর রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লীতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সে সময় ১৮ টি পরিবারে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এবং ৪৮ টি পরিবারে ভাংচুর ও লুটপাটরে এবং আগুনে ৩৯ টি পরিবারে বসতঘর সম্পূর্ণ পুড়ে দেয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়।

এরমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারকে আসামি করে একটি মামলা দায়ের করেন পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন।