চলে গেলেন রংপুরের জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা নান্টু

Editor

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

চলে গেলেন রংপুরের জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা নান্টু

জেলা প্রতিনিধি, রংপুর॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাহী রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

সোমবার(২০ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক।

বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু রোববার(১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

মরহুমের আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বাদ যোহর কেরামতিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এ সময় জেলা প্রশাসন থেকে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হবে। জানাজা শেষে নগরীর মুন্সিপাড়ায় মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানে সমাহিত করা হবে।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু’র মৃত্যুতে রংপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান শোক জানিয়েছে।

শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু,
রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রসিকের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, তৌহিদুল ইসলাম ও জাহেদা আনোয়ারী।