রংপুরের ঘাঘট নদ থেকে অবিষ্ফোরিত ‘গ্রেনেড’ উদ্ধার

Editor

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

রংপুরের ঘাঘট নদ থেকে অবিষ্ফোরিত ‘গ্রেনেড’ উদ্ধার

জেলা প্রতিনিধি, রংপুর॥
রংপুর নগরীর দমদমা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদ থেকে একটি অবিষ্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে এক নারী। তবে এটি সাম্প্রতিক সময়ের নয়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের হতে পারে ধারণা করছেন স্থানীয় প্রবীণ ব্যক্তিরা।

রোববার(২৬ ফেব্রুয়ারী) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর দমদমা ব্রিজের নিচ থেকে গ্রেনেড বোমাসদৃশ বস্তুটি তালুক তামপাট মগলেরবাগ এলাকার ভাতের হোটেল ব্যবসায়ী তহমিনা বেগম (৮৫) পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

তহমিনা বেগম বলেন, শুক্রবার দুপুরে গোসল করতে ঘাঘট নদে নামলে পায়ে লাগে, সেটি তুলে লোহার বস্তু মনে করে ভালো করে পরিষ্কার করি। পরে বাজারের একটি দোকানে পরিমাপ যন্ত্র হিসেবে ব্যবহার করার জন্য নিয়ে যাই। কিন্তু কিছুক্ষণ পর আমার হাতে থাকা বস্তুটি গরম হতে থাকলে আশপাশের লোকজন বলছিল এটি গ্রেনেড।

তিনি আরও বলেন, আমি আনসারের ট্রেনিংয়ের সময়ে এমন গ্রেনেড বোমা দেখেছিলাম, তাই এটিকে পরবর্তীতে পানিতে রেখে দিই। এরপর ৯৯৯-এ কল করে বিষয়টি অবগত করলে পুলিশ এসে সেদিন থেকে পাহারা দিচ্ছে।

উদ্ধারকৃত বোমসাদৃশ্য বস্তুটি গ্রেনেড হবে বলে ধারণা করেছেন স্থানীয় অনেকেই। তাদের ধারণা এখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা বৃষ্টির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। দমদমা ব্রিজটাও ভেঙে দিয়েছিল। সেই সময়ের এটি অবিষ্ফোরিত গ্রেনেড হতে পারে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, এটি গ্রেনেড কিনা আমরা নিশ্চিত নই। তবে আমরা সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি, তারা যা নিশ্চিত করলে, আমরা নিশ্চিত আপনাদের নিশ্চিত করতে পারবো।