রংপুরে মাদক দিয়ে ফাঁসিয়ে জমি বিক্রির টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আটক ৪
নিজস্ব প্রতিবেদক: রংপুর নগরীর ধাপ কটকিপাড়া এলাকায় কর্মজীবী এক নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে জমি বিক্রির টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৪ জন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। এর আগে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
ভুক্তভোগি ও পুলিশ সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী নগরীর কারুপণ্য প্রতিষ্ঠানের আলমনগর কারখানায় কর্মরত। সম্প্রতি তিনি তিন লাখ ৬০ হাজার টাকায় একটি জমি বিক্রি করেন এবং সেই টাকা গতকাল মঙ্গলবার বিকেলে ব্যাংকে জমা রেখে ধাপ কটকিপাড়ায় ভাড়া বাসায় ফেরেন। সন্ধ্যার পর স্থানীয় কয়েকজন যুবক জোরপূর্বক তাঁর বাসায় প্রবেশ করে ঘরে মাদক আছে এমন দাবি করে তল্লাশি শুরু চালায়। একপর্যায়ে তারা বিছানার তোষকের নিচে ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করে এবং বিষয়টি মীমাংসার কথা বলে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে ওই নারীকে মারধর করা হয়। পাশাপাশি তাঁর ব্যাংকের চেক বইয়ের পাতাও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী বলেন, জমি বিক্রির টাকার সন্ধানে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ তারা। পরিস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক গোপনে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও ধাপ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ব্যাপক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ইয়াবা সাদৃশ বস্তুগুলো প্রাথমিক পরীক্ষায় ভুয়া বলে প্রতীয়মান হয়। পরে এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, মিনহাজ আহমেদ (২৮), মহিম হাসান (২৫), শাহরিয়ার সরকার (২৮) ও আব্দুল মজিদ (২০)। তাঁদের সবার বাড়ি নগরীর ধাপ কটকিপাড়া এলাকায়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে, মাদক দিয়ে ফাঁসানোর নাটক সাজিয়ে কিংবা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া এবং নিরীহ মানুষকে হয়রানি করার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি নগরবাসীকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান।


