কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩
জেলা প্রতিনিধি, রংপুর॥ রংপুরের কাউনিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন সাইকেল আরোহী ও আহত হয়েছে আরো ৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ মন্ডল।
শনিবার(১৪ জানুয়ারী) সকালে কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ওসি তদন্ত জানান, সকাল আনুমানিক ৫ টা থেকে ৬ টার মধ্যে কাউনিয়ার মীরবাগ এলাকার বিজলীঘন্টি চন্ডিপুর এলাকায় এক সাইকেল আরোহিকে চাপা দিয়ে চলে যায়। কোন যানবাহন চাপা দিয়েছে, সেটি এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে একজন সাইকেল আরোহির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শ্রী চুন্নু
রায় (৫৫) হরিজন সম্প্রদায়ের এবং সাতমাথা হরিজন কলোনীর বাসিন্দা। তিনি কাউনিয়া রেল ষ্টেশনে ঝাড়ুদারের কাজ করতেন।
অপরদিকে কাউনিয়া উপজেলার কুর্শা এলাকায় এ্যাম্বুলেন্স এর সাথে ট্রার্কের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত এ্যাম্বুলেন্স ড্রাইভার ও সহযোগিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ট্রাক ড্রাইভার পলাতক রয়েছেন।
কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ মন্ডল জানান, এ্যাম্বুলেন্স এর সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনায় আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং সড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধারের কাজ চলছে।



