রংপুরে তিস্তা নদী থেকে বাক প্রতিবন্ধী’র মরদেহ উদ্ধার
রংপুরের কাউনিয়ার তিস্তা নদী থেকে আব্দুর রহিম (২২) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম লালমনিরহাট সদরের তিস্তা আফজালনগর গ্রামের নুরুল হকের ছেলে।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা তিস্তা সড়ক সেতুর নিচ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, আব্দুর রহিম একজন বাক প্রতিবন্ধী। আব্দুর রহিম ঈদের দিন দুপুরে বাড়ি থেকে বের হয়ে তিস্তা ব্রিজ এলাকায় বেড়াতে আসে। এরপর সে আর বাড়িতে না ফেরায়। পরিবারের লোকজন তার সন্ধানে মাইকিং করে। কিন্তু কোথাও তার সন্ধান পায়নি। সোমবার (আজ) দুপুর সোয়া ২ টার দিকে তিস্তা সড়ক সেতু এলাকায় পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ তিস্তা সড়ক সেতুর নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ।
নিহত প্রতিবন্ধী যুবকের মামা বলেন, ভাগিনা রহিম পরিবারের লোকজনের সঙ্গে ঈদের নামাজ পড়ে। এরপর বাড়ি থেকে বের হয়ে তিস্তা সড়ক সেতু লালমনিরহাট প্রান্তে এসে নিখোঁজ হয়। আজকে দুপুরে তিস্তা নদীতে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি এটি ভাগিনা রহিমের মরদেহ। তিনি বলেন, ভাগিনা রহিম বাক প্রতিবন্ধী , সে কথা বলতে একটু সমস্যা হয়।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের জানান, খবর পেয়ে ঘটনাস্থাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



