রংপুরে বিড়ি শিল্প ধ্বংস ও শ্রমিক বেকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: রংপুরের হারাগাছে বিড়ি শিল্প ধ্বংস ও শ্রমিক বেকারের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে হারাগাছ পৌরসভার সামনে এ মানববন্ধন করে বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল হাসনাত লাবলু, হারাগাছ বিড়ি মজদুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, হারাগাছ বিড়ি প্যাকিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়ামিন আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের সদস্য মোত্তালেব হোসেন প্রমুখ।
এসময় বক্তারা ৪ দফা দাবি পেশ করেন এবং বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলো হচ্ছে নামবিহীন অভিযোগকারী ব্যক্তিকে খুজে বের করে আইনের আওতায় আনতে হবে। বিড়ি শ্রমিক বেকার করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। মজুরী বৈষম্য দুর করে ৫৬.৫০ টাকা হারে মজুরী দিতে হবে। বিড়ির উপর বৈষম্যমুলক ১০ শতাংশ আয়কর প্রত্যাহার করতে হবে।
বক্তারা আরো বলেন, হতদরিদ্র, অশিক্ষিত, বিকলাঙ্গ, নারী, স্বামী পরিত্যাক্ত, বিধবা, নদীভাঙ্গা, ভূমিহীন মানুষ বিড়ি শিল্পের সাথে জড়িত। এ শিল্পকে বারংবার দেশী বিদেশী দালাল ধ্বংস করার পায়তারা করছে। এ শিল্প থেকে সরকার প্রতি বছর শত শত কোটি টাকা রাজস্ব পাচ্ছে। সভায় বিড়ি শিল্প বাঁচাতে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।



