মৃত ঘোষণা করে জানাযা পরানো জাহাজকোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন
মৃত ঘোষণা করে জানাযা পরানো জাহাজকোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বিগত কয়েকবছর ধরে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা নগরীর জাহাজকোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা। সেই সড়কের সংস্কারের দাবীতে কয়েকদফা আন্দোলনে নামে নগরবাসী। আন্দোলনের এক পর্যায়ে সড়কটিকে মৃত ঘোষণা করে জানাযাও পরানো হয়।
অবশেষে রোববার (১২ জুলাই) দুপুরে সেই সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সংস্কার কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন।
সিটি কর্পোরেশন সুত্রে জানা যায়, লোকাল গভর্মেন্ট কোভিড ১৯ রেসপন্স এন্ড রিকভারী প্রকল্পের আওতায় ৪ কিলোমিটার সড়কটির এবারে কার্পেটিং, ড্রেন ও এলইডি লাইট স্থাপন করা হবে। এতে সংস্কার ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা। সংস্কারের মধ্যে রয়েছে, কার্পেটিং, আরসিসি রোড, আরসিসি ড্রেন, ফুটপাত টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইট পোল, স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন। কাজটি বাস্তবায়ন করছেন কক্সবাজারের ঠিকাদারী প্রতিষ্ঠান এমএ ই এমএস জেভি।
এদিকে নগরীর অন্যতম চলাচলের সড়কটির সংস্কার কাজের উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী। সড়কটির সংস্কার হলে যানচলাচলে দূর্ভোগ আর থাকবে না। নগরবাসী নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলে মনে করেন তারা। একই সঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে সঠিকভাবে কাজটি করে সময়ে মতো বুঝে দিতে পারে এজন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান নগরবাসী।
সংস্কার কাজের উদ্বোধন শেষে রসিকের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় যানচলাচলে সমস্যা হচ্ছিল। প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সড়কটির সংস্কার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়। সড়কটির সংস্কারের সাথে কিছু বিষয় যোগ করা হয়েছে। এই সড়কটি রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে একটি পরিপূর্ণ সড়ক হবে। এই সড়কটিতে আরসিসি ড্রেন, ফুটপাত টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইট পোল, স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। যার কারনে সড়কটি নগরীর মধ্যে পরিচ্ছন্ন সড়কে রুপান্তর হবে। পরবর্তিতে এই সড়কের আদলে নগরীর অন্যান্য সড়কেরও সংস্কার করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী মো: সামসুজ্জামান, আরিফ আহমেদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মিয়া, ২৯ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রঞ্জন, সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তা ও বিএনপি ও এর অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


