মনজুর আহমেদ আজাদের উদ্যোগে জেএফএ অনূর্ধ্ব-১৪ জয়ী রংপুরের ফুটবল কন্যাদের সংবর্ধনা
মনজুর আহমেদ আজাদের উদ্যোগে জেএফএ অনূর্ধ্ব-১৪ জয়ী রংপুরের ফুটবল কন্যাদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদের উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬-এ চ্যাম্পিয়ন রংপুর প্রমিলা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ও পৃষ্ঠপোষক রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)- সভাপতি মনজুর আহমেদ আজাদের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিএফএ এর সহ-সভাপতি ও দলের ম্যানেজার শামীম খান মিসকিন এবং ডিএফএ’র কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান, সদস্য আফজাল হোসেন টিটু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু বলেন, একজন খেলোয়াড় ভালো খেলার মাধ্যমে শুধু নিজের গ্রাম পরিচিত করে তোলে না। বড় ভালো খেলোয়াড়দের মাধ্যমে জেলা ও দেশের পরিচিতি বাড়ে। বিশ্বে অনেক দেশ আছে যাদেরকে মানুষ শুধু খেলার কারণেই চেনে। আমরা চাই রংপুরের মেয়েরা ক্রীড়াঙ্গনে একের পর এক যে গৌরবময় অর্জন এনেছে, তা যেন অব্যাহত থাকে। সরকার তৃণমূল পর্যায়ে থেকে খেলোয়াড় তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই, যাতে আমাদের রংপুরের সুনাম ও অর্জন দেশ বিদেশে ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানের আয়োজক ও ডিএফএ রংপুরের সভাপতি মনজুর আহমেদ আজাদ বলেন, জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের মেয়েরা হেক্সামিশন নিয়ে টাঙ্গাইলে খেলতে গিয়েছিল। আমি তাদের উৎসাহিত ও অনুপ্রেরণা যোগাতে পুরষ্কার দিতে চেয়েছিলাম। মেয়েরা বিজয়ের শিরোপা নিয়ে ফিরে এসেছে, এটা আমাদের জন্য বড় অর্জন। আজ তাদেরকে সংবর্ধিত করতে আমার ভালো লাগছে। আগামীতেও ফুটবল ও ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনের প্রতিটি সেক্টরে রংপুর এগিয়ে যাবে, এখানকার খেলোয়াড়দের এবং জেলার সুনাম হবে__আমরা সেটাই দেখতে চাই। এসময় তিনি প্রমিলা ফুটবলের বিকাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে ষষ্ঠ বারের মতো জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় প্রমিলা দল কোচ ও ম্যানেজারসহ খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ডিএফএ সভাপতির পূর্ব প্রতিশ্রুত ঘোষণা অনুযায়ী উপহার হিসেবে প্রত্যেককে নতুন ব্লেজার প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শেষে অতিথিদের সাথে নৈশভোজে অংশ নেন প্রমিলা দলের খেলোয়াড়সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় অন্যান্যের মধ্যে বাফুফের কোচ মিলন মিয়া, প্রমিলা ফুটবল দলের কোচ রুমা আক্তার, সদ্যপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ফরহাদুজ্জামান ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই প্রমিলা দল ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১, ২০২৫ এবং ২০২৬ সালে জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ফুটবলে ৬ষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়। গত ১৭ আগস্ট ফাইনালে স্বাগতিক টাঙ্গাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর প্রমিলা দল।

















