রংপুর বিভাগের বৈষম্য নিরসনে পৃথক উন্নয়ন কমিশন গঠনের দাবি
আঞ্চলিক বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য, উচ্চ বেকারত্ব ও শিল্পায়নের বন্ধ্যাত্ব নিরসনে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন নামের একটি সংগঠন। এতে বক্তারা রংপুর বিভাগের উন্নয়নের পৃথক কমিশন গঠনের দাবি জানান।
ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. ফারুক শাহ, ঢা.বি ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি বিভাগের অধ্যাপক ও ফজলুল হক হলে প্রাধক্ষ্য ড. ইলিয়াস আল মামুন, দীপ্ত টেলিভিশনের নিউজ এডিটর ও অনলাইন ইনচার্জ মাসউদ বিন আব্দুর রাজ্জাক এবং ব্যাংক কর্মকর্তা মেহেরুল্লাহ মিঠু।
সভাপতির বক্তব্যে ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “রংপুরের উন্নয়নে অংশীজনদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। “উন্নয়ন বৈষম্যের পেছনে সবার দায় রয়েছে। স্থানীয় চাহিদার সঙ্গে বাজেটের সামঞ্জস্য না হলে রংপুরের মানুষ আরও পিছিয়ে পড়বে। এ জন্য সরকার, রংপুরের জনগণ এবং জনপ্রতিনিধের একযোগে কাজ করা জরুরি।
উন্মুক্ত মতবিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।



