অভিযাত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেখাজোখা কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: রংপুরের ঐতিহ্যবাহী সংগঠন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে লেখাজোখা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে লেখাজোখা কর্মশালার অনুষ্ঠিত হয়। লেখাজোখা কর্মশালায় ইতিহাস ও গবেষণা লিখন পদ্ধতি বিষয়ক আলোচনা করেন বিশিষ্ট লেখক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,
কবিতার ছন্দ ও লিখন পদ্ধতি নিয়ে আলোচনা করেন নদী গবেষক বেরোবির অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, বাংলা গদ্য লিখন পদ্ধতি নিয়ে আলোচনা করেন সহযোগী অধ্যাপক মো: মোতাহার হোসেন সুজন, ছড়ার ছন্দ ও ছড়া লিখন পদ্ধতি নিয়ে আলোচনা করেন অভিযাত্রিক সাধারণ সম্পাদক ছড়াকার ও গীতিকার সাঈদ সাহেদুল ইসলাম। লেখাজোখা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী। সভাপতিত্ব করেন অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ। এর আগে বক্তব্য রাখেন অভিযাত্রিক সহ-সভাপতি তৈয়রবুর রহমান বাবু, সাহিত্য সম্পাদক মাসুদ বশীরসহ অন্যান্য লেখকবৃন্দ। লেখাজোখা কর্মশালায় রংপুর বিভাগের ৮ জেলার প্রায় শতাধিক লেখক-লেখিকা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মইনুল ইসলাম।
অভিযাত্রিকের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী আয়োজনে লেখাজোখা কর্মশালা ছাড়াও কবিতা আবৃতি প্রতিযোগিতা, আলোচনা, কবিতাপাঠ, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার সমাপনী অনুষ্ঠান একই স্থানে বিকেলে অনুষ্ঠিত হবে।



