ধর্ষণের অভিযোগে ভুয়া এসআই গ্রেফতার
রংপুরের কাউনিয়ায় নগ্ন ভিডিও ধারন করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা (২৭) নামে এক ভুয়া এসআইকে গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ। গ্রেফতার সোহেল রানা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছিরাগঞ্জ চুলকা গ্ৰামের ফজলুর রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে গ্রেফতার ভুয়া এসআইকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হারাগাছ পৌরসভার বানুপাড়া কলেজ মাঠ এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয়।
মামলার সুত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মুঠোফোনে পরিচয় হয় সোহেলের সঙ্গে ওই নারীর। এসময় নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন সোহেল। মুঠোফোনে কথা বলার একপর্যায়ে সোহেলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়। এসময় মুঠোফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে ওই নারীর (গৃহবধূর) নগ্ন ভিডিও ধারন করেন সোহেল। এরপর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং ভিডিও ধারন করে রাখেন সোহেল।
গত ২৬ সেপ্টেম্বর সোহেল রানা হাতীবান্ধা থেকে হারাগাছে আসেন এবং ধর্ষণের ভিডিও পরিবারের কাছে দেখানোর ভয় দেখিয়ে ওই নারীকে নিজ বাড়িতেই ধর্ষণ করেন। এরপর গত সোমবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে আবারও হারাগাছে গিয়ে ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন সোহেল। এসময় ওই নারীর চিৎকারে পাশের ঘর থেকে স্বামী বের হয়ে এসে সোহেলকে আটক করেন। পরে হারাগাছ পৌরসভার কাউন্সিলারের পরামর্শে আটক সোহেলকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই নারী নিজেই বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ ও পর্ণগ্ৰাফি ধারায় মামলা দায়ের করেছেন। শারীরিক পরীক্ষার জন্য মামলার বাদীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।



