বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পাচ্ছেন নাছিমা জামান ববি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি পাচ্ছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক -২০২৩।
গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামী ৮ আগষ্ট মঙ্গলবার ২০২৩ তারিখে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি থেকে এ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ তুলে দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নাছিমা জামান ববি রংপুর সদর উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং এর আগে তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও নাছিমা জামান ববি রাজনৈতিকভাবে বর্তমানে রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য। এর আগে তিনি রংপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা যুব মহিলালীগের আহবায়ক পদে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে নাছিমা জামান ববি জানান, কাজের যে কোন স্বীকৃতি অনেক আনন্দের, অনেক ভালোলাগার এবং কাজ করা ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক -২০২৩ প্রাপ্তি আমার প্রিয় রংপুর সদর উপজেলাবাসীর। তারা আমাকে নির্বাচিত করেছে বিধায় আমি কাজের মাধ্যমে এ পদক অর্জন করতে পেরেছি। এসময় তিনি সকলের কাছে দোয়া চান, আগামীতেও যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।



