রংপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: রংপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত আঞ্জুমান আক্তার শিউলিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৯ জুন) বাদ জুমা দুপুর আড়াইটায় নগরীর আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দিরা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা “শিউলি হটাও, তরুণ সমাজ বাঁচাও”, “শিউলি থাকলে সমাজ রসাতলে” “মাদক সম্রাজ্ঞী শিউলিকে গ্রেফতার কর করতে হবে” এমন নানা রকমের স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আঞ্জুমান আক্তার শিউলি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তার কর্মকান্ডের কারণে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে তিনি একসময় এলাকা ছেড়ে যেতে বাধ্য হলেও সম্প্রতি পুণরায় এলাকায় ফিরে আসার চেষ্টা করছেন বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক পরিবেশ রক্ষার স্বার্থে শিউলির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগসমূহ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে বক্তব্য দেন শিউলি হটাও আন্দোলন কমিটির সভাপতি ও পূর্ব শালবন জামে মসজিদের সভাপতি হাজী এনামুল হক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাহিদ হাসনান, পূর্ব শালবন জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু বলেন, “এলাকার মানুষ দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক, যাতে এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।”
সভাপতির বক্তব্যে এনামুল হক হাজী বলেন, “আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এলাকার শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শালবন মিস্ত্রিপাড়া যুব সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেজাউল করিম জীবন, রংপুর
01722882770


