সংগীত শিল্পী ও গীতিকার সালমা মোস্তাফিজ আর নেই
ভাওয়াইয়া গানের জাতীয়ভিত্তিক বিশেষায়িত সংগঠন ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান সালমা মোস্তাফিজ আর নেই। রোববার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। মৃত্যুর পূর্বে তিনি নিয়মিত বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সংগীত পরিবেশনা করতেন।
এই গুণী শিল্পীর স্বামী ভাওয়াইয়া শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বিশিষ্ট সংগঠক একেএম মোস্তাফিজুর রহমান তাঁর মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন।
মোস্তাফিজুর রহমান বলেন, রোববার বিকেলের দিকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন সালমা মোস্তাফিজ। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা শুরু হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১০টা ৩০ মিনিটের দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সালমা মোস্তাফিজ সম্প্রতি স্ট্রোক করেন জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, স্ট্রোকের পর থেকেই শারীরিকভাবেই কিছুটা দুর্বল ছিলেন সালমা মোস্তাফিজ। সম্প্রতি তার রক্তশূন্যতা ধরা পড়ে।
গাইবান্ধা থেকে প্রকাশিত মাসিক তিস্তার সহযোগী সম্পাদক এম সেরাজুল হকের মেয়ে সালমা মোস্তাফিজ ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান ছিলেন।
সালমা মোস্তাফিজের ছেলে সাহস মোস্তাফিজ একটি আন্তর্জাতিক এনজিওতে যোগাযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত। মেয়ে মোনিফা মোস্তাফিজ মন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান, গীতিকার ও কণ্ঠশিল্পী সালমা মোস্তাফিজের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারাদেশের ভাওয়াইয়া অঙ্গনের মতো রংপুরেও। শোক ছড়িয়ে পরে রংপুরের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভাওয়াইয়া অঙ্গন রংপুর বিভাগীয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, লেখক সংসদ রংপুর, ছড়া সংসদ রংপুর, সাহিত্য একাডেমী রংপুরের সাধারণ সম্পাদক শাহ আলম, মৌচাক উপদেষ্টা রেজাউল করিম মুকুল ও রেজাউল করিম জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



