পুলিশ কনস্টেবল হত্যার প্রধান অভিযুক্ত ট্রাকচালক রিপন গ্রেফতার

Editor

প্রকাশিত: 9:05 PM, November 6, 2024

পুলিশ কনস্টেবল হত্যার প্রধান অভিযুক্ত ট্রাকচালক রিপন গ্রেফতার

রাজধানীর খিলক্ষেত এলাকায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে পুলিশ কনস্টেবলকে হত্যার প্রধান অভিযুক্ত ট্রাকচালক রিপন মিয়াকে রংপুরের গংগাচড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কাগজিপাড়া থেকে ট্রাকচালক রিপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার উজির ধরণীবাড়ি গ্রামে।

চালক রিপন মিয়া গত ২৬ অক্টোবর রাজধানীর ৩০০ ফিট থেকে বেপরোয়াভাবে কুড়াতলী এলাকায় পুলিশের একটি গাড়িকে পেছন দিকে ধাক্কা দেয়। ‍এতে গাড়ির ড্রাইভার কনস্টেবল মো. রায়হান সরকার ও কনস্টেবল মো. লিয়াকত আলী গুরুতর আহন হন। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল মো. রায়হান সরকারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিজে বাদী হয়ে খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা ট্রাকচালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তে ট্রাকচালক হিসেবে মো. রিপনের নাম উঠে আসে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম জানায়, কনস্টেবল নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার রিপন মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।