নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশে বহুঅংশীজনের সমন্বয়ে রংপুরে প্রশিক্ষণ

Editor

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশে বহুঅংশীজনের সমন্বয়ে রংপুরে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে নারীর অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে রংপুরে দুই দিনব্যাপী সী লিডস: নারীর রাজনৈতিক এজেন্সি ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন ও একশনএইড বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণটি গত ১৮ ও ১৯ মে রংপুর নগরীর আরডিআরএস-এ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প এর সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন, একশনএইড বাংলাদেশের সাথে অংশীদারিত্বে, ‘বাংলাদেশে গনতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তগ্রহন, কাঠামো শক্তিশালীকরণ প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে। এজওচ প্রকল্পের আওতায় নারীর রাজনৈতিক অংশগ্রহণের রাজনৈতিক ও সামাজিক-প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপট বিশ্লেষণ, নারীর রাজনৈতিক এজেন্সির আবশ্যকতা এবং নির্বাচনী ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় নারীর অর্থবহ সম্পৃক্ততা নিশ্চিতকরণের উদ্দেশ্যে কিছু আবশ্যকীয় রাজনৈতিক দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রকল্পের কর্মএলাকা রংপুর, বগুড়া ও কুড়িগ্রাম জেলার তৃণমূল পর্যায়ের বিভিন্ন নাগরিক সংগঠন, যুব সংগঠন, জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের ১৪ জন নারী, ৪ জন পুরুষ, ১ জন হিজড়া ও ১ জন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীরা নানা তাত্ত্বিক আলোচনা ও দলগত কাজের মধ্য দিয়ে নারীর রাজনৈতিক অধিকারের ধারণা ও বিকাশ, নারীর প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন বুঝতে হলে আমাদের ক্ষমতা, জেন্ডার পরিচয় এবং প্রতিনিধিত্বের পারস্পরিক সম্পর্ক গভীরভাবে বিশ্লেষণ করেন এবং রাজনীতিতে নারীর নেতৃস্থানীয় ভূমিকার পথে বিদ্যমান কাঠামোগত বাধাগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণের মাধ্যম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রশিক্ষণটির মাধ্যমে সাংবিধানিক ও আইনগত অধিকার এবং অ্যাডভোকেসি কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীগণ জানতে পারেন। প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীগণ মত প্রকাশ করেন যে, রাজনীতিতে নারীর অংশগ্রহণ শুধু প্রতীকী নয়, বরং কার্যকর হতে হবে। পাশাপাশি, তৃণমূল পর্যায়ের নারী কর্মীদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। তাদের প্রত্যাশা, এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান রাজনৈতিক ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে তাদের আগামী দিনে দক্ষ নেত্রী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণটি পরিচালনা করেন সনামধন্য প্রশিক্ষক আব্দুল্লাহ জাফর এবং রিতা দাস। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম এবং ফিল্ড কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সমাপনী বক্তব্যে একশনএইড বাংলাদেশের পক্ষ থেকে আশাবাদ ব্যাক্ত করা হয় যে এ প্রশিক্ষণটি এজওচ প্রকল্পের লক্ষ্য অর্জনে অর্থাৎ বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবে। একশনএইড বাংলাদেশের প্রত্যাশা প্রশিক্ষণার্থীগণ তাদের অর্জিত জ্ঞান নারীর অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রাসঙ্গিক অ্যাডভোকেসি কৌশল নকশা, জোট ও নেটওয়ার্ক গঠন এবং সম্মিলিত উদ্যোগ বাস্তবায়নের সক্ষমতা অর্জনে প্রয়োগ করবেন; পাশাপাশি, এ ব্যাপারে একটি সামাজিক কর্ম পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন।