আবৃত্তিতে দেশসেরা নির্বাচিত রংপুরের সুমাইতা সুয়াদী

Editor

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
আবৃত্তিতে দেশসেরা নির্বাচিত রংপুরের সুমাইতা সুয়াদী
জেলা প্রতিনিধি, রংপুর:
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ক গ্ৰুপে দেশসেরা নির্বাচিত হয়েছে রংপুরের সুমাইতা সুয়াদী। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত পর্বের ফলাফলে সে দেশসেরা নির্বাচিত হয়। চলতি মাসের ২৮ তারিখ টুঙ্গিপাড়ায় অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তার পুরস্কার নেয়ার কথা রয়েছে।
শনিবার(৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক জিন্নাত হোসেন লাবলু।
সুমাইতা সুয়াদী প্রথমে জেলা ও বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। এরপর গত ৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার তেজগাঁও কলেজে আয়োজিত চুড়ান্ত পর্বের অনুষ্ঠানে অংশ নেয় দেশের ৬৪ জেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম ও ২য় প্রদান অধিকার করা বিজয়ীরা। সুমাইতা সুয়াদী এতে রংপুর জেলা থেকে আবৃত্তি বিষয়ে ক গ্ৰুপে ১ম স্থান অধিকার করে অংশগ্রহণ করেন এবং বিচারকদের রায়ে জাতীয় পর্যায়ে তার গ্ৰুপে ১ম স্থান অধিকার করে দেশসেরা নির্বাচিত হয়।
সুমাইতা সুয়াদী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর এর ৩য় শ্রেণির জুঁই শাখার একজন শিক্ষার্থী। সে আবৃত্তি প্রশিক্ষক রেজিনা সাফরিন এর কাছে ৩ বছর বয়স থেকে আবৃত্তি শিখে আসছে। এর আগে রংপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার ১ম স্থান অধিকার করে সুমাইতা সুয়াদী।
সুমাইতা সুয়াদী বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাধারণ সম্পাদক, লেখক,  সংগঠক ও সংবাদকর্মী জাকির আহমদ ও নারী উদ্যোক্তা শাকিলা পারভীন এর একমাত্র সন্তান।
অভিভাবক  শাকিলা পারভীন বলেন, মেয়ের সাফল্যে অভিভাবক হিসেবে ভালো লাগছে। সুমাইয়ার ইচ্ছে শক্তি প্রখর। সবসময় সৃজনশীল চিন্তা করে। ওর বাবা একজন লেখক সংগঠক হিসেবে ব্যস্ততার মাঝেও মেয়েকে সর্বোচ্চ সময় দেয়ার চেষ্টা করে। আপনারা সবাই দোয়া করবেন সুমাইয়া সুয়াদি যেন মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করতে পারে।
এ বিষয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক জিন্নাত হোসেন লাবলু বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এ সুমাইতা সুয়াদির আবৃত্তিতে দেশসেরা হওয়ায় আমরা গর্বিত। এসব প্রতিযোগিতা শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে। তাঁর এই অর্জন রংপুরের অন্যান্য শিশুদের উৎসাহিত করবে ও অনুপ্রেরণা যোগাবে। ভবিষৎ এই জয়ের ধারা অব্যাহত থাকুক আমরা সেই কামনাই করি।